ব্রাজিলে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৮:০৯ পিএম
ব্রাজিলে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা

ছবি : প্রতিনিধি

ঢাকা: ব্রাজিলে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা দিয়েছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। আগামী ২২ থেকে ২৫ মার্চ ২০২৭ সালে ব্রাজিলের সাও পাওলো শহরের প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেনটোসে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক। মূল প্রবন্ধ ও উপস্থাপনা করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবেদিন।

আয়োজকরা জানান, ২০২৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ বাংলাদেশি পণ্যের প্রচার, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৭ সালের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

বিবিসিসিআইয়ের উপস্থাপনায় বলা হয়, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। একই অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয় এই এক্সপোতে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, ডেনিম, জুতা, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত সামুদ্রিক খাদ্য, প্লাস্টিক, প্যাকেজিং, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও হস্তশিল্প প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ব্রাজিলের বাজার থেকে তুলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা, পশুখাদ্যের উপাদানসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির সুযোগ রয়েছে বলে জানানো হয়।

আয়োজকদের প্রত্যাশা, চার দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশের উৎপাদক, রপ্তানিকারক ও উদ্যোক্তাদের সঙ্গে ব্রাজিলের আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সরাসরি যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি বিজনেস টু বিজনেস (B2B) বৈঠক, ক্রেতা-বিক্রেতা সংযোগ, রপ্তানি আদেশ সংগ্রহ, পণ্য সরবরাহ এবং বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানসহ (এসএমই) বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য ব্রাজিল এবং বৃহত্তর লাতিন আমেরিকার বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এক্সপোতে অংশগ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন চলবে ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নিয়মিত নিবন্ধন করা যাবে ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। নিবন্ধন ও অংশগ্রহণসংক্রান্ত কার্যক্রম বিবিসিসিআই এবং তাদের নিযুক্ত ভেনচুরা গ্লোবাল ও সার্ক ট্রেডিং অ্যান্ড ইভেন্টসের মাধ্যমে সমন্বয় করা হবে।

বিবিসিসিআই জানিয়েছে, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং বেসরকারি খাতের সহযোগিতা জোরদারে তারা দীর্ঘমেয়াদে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের আশা, দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং নতুন বাণিজ্যিক অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিএস

Link copied!