দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৯:২৫ এএম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ফাইল ছবি

ঢাকা: দেশের বাজারে টানা ছয় দফা কমেছে সোনার দাম। সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণা না আসায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এদিকে, সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৮০ টাকা।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সংস্থাটির নিয়ম অনুযায়ী, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এসআই

Link copied!