ফাইল ছবি
দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের এলাকা বা ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থাপন এবং ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের গোলচত্বর ও সংলগ্ন ফ্লাইওভার থেকে পরপর ককটেল নিক্ষেপের ঘটনায় চার পথচারী আহত হন। এর আগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বর্তমানে বিমানবন্দরের ভেতরে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, প্রবেশপথে এপিবিএন এবং বাইরের এলাকায় পুলিশ দায়িত্ব পালন করলেও তিন সংস্থার সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গতকাল বুধবার পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, তৃতীয় টার্মিনাল এলাকা, প্রবেশপথ ও সংযোগ সড়কে টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশ ও এপিবিএনের নিজস্ব উদ্যোগে এআই ক্যামেরা বসানোর বিষয়ে আলোচনা হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানান, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য বা রেড অ্যালার্ট না থাকলেও সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।
যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলে না, সেখানেও টহল চলছে। এ ছাড়া শাহজালালের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসএইচ