এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, যেসব পদক্ষেপ নিলেন শিক্ষামন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:২৩ এএম
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, যেসব পদক্ষেপ নিলেন শিক্ষামন্ত্রী

সারা দেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার। ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হবে।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে আসতে শুরু করেন। অন্য দিনের চেয়ে আজ ঢাকায় আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় গরম কম। এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন তারা।

তবে কেউ কেউ যানজটের ভোগান্তি মাড়িয়ে কেন্দ্রে আসতে হয়েছে বলেও অভিযোগ করেছেন।
 
প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। তার মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। আর মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ চার হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এবার নিয়মিত পরীক্ষার্থী ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি।

তাদের মধ্যে এক বিষয়ে উত্তীর্ণ হতে পরীক্ষা দিচ্ছে ২ লাখ ৬১ হাজারের বেশি পরীক্ষার্থী। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে।

এম

Link copied!