যে যোগ্যতায় মিস ইউনিভার্স জিতলেন মাহি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৭:৪০ পিএম
যে যোগ্যতায় মিস ইউনিভার্স জিতলেন মাহি

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায় উঠেছে 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬'-এর মুকুট। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মিলনায়তনে বিরাজ করা উত্তেজনার মধ্যেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেওয়ার পর তারা একে অপরকে জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

ফিনালেতে মাহির পরনে ছিল শ্যাম্পেন গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন, যার অফ শোল্ডার ডিজাইনটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন। বিজয়ী ঘোষণার এই বিশেষ মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। এ ছাড়া অনুষ্ঠানে চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের একাধিক মডেল ও কোরিওগ্রাফার অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগর তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোটপর্দায় অভিনয়ের সুবাদে পরিচিত মুখ মাহি অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্য জনপ্রিয়। এবার দেশের গণ্ডি পেরিয়ে তিনি নাম লেখালেন সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের সেরার খেতাবে।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি জানান, বাবা-মা তাকে বিশ্ব জয় করে আসার জন্য বলেছেন এবং দেশের মুখ উজ্জ্বল করতে তিনি সবার দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে সেরা ৩০ এ জায়গা করে নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সেই সঙ্গে পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। এবার তার উত্তরসূরি হিসেবে আন্তর্জাতিক বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াবেন সামিরা খান মাহি।

এসএইচ 

Link copied!