বাবা-দাদার কোথায় কতটুকু জমি আছে, জানবেন যেভাবে

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৯:১৬ পিএম
বাবা-দাদার কোথায় কতটুকু জমি আছে, জানবেন যেভাবে

ফাইল ছবি

জমিজমাসংক্রান্ত তথ্য জানতে একসময় দীর্ঘ সময় ধরে ভূমি অফিসে বসে থাকতে হতো। বিশেষ করে বাবা-দাদার নামে কোথায় কত জমি আছে, তা খুঁজে বের করা ছিল বেশ ঝামেলার কাজ। তবে ভূমিসেবা ডিজিটাল হওয়ায় এখন সাধারণ মানুষ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে জমির খতিয়ান ও দাগসংক্রান্ত প্রাথমিক তথ্য জেনে নিতে পারছেন। পাশাপাশি অনলাইনে ঝামেলা ছাড়াই খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা যাচ্ছে।

অনলাইনে জমির তথ্য জানতে স্মার্টফোনের ব্রাউজার থেকে 'ই-পর্চা' লিখে অনুসন্ধান করে সরকারি ই-পর্চা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পরবর্তীতে মেন্যু থেকে 'খতিয়ান' অপশন নির্বাচন করে জমির বিভাগ, জেলা, খতিয়ানের ধরন (বিএস, সিএস, আরএস বা এসএ), উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। এর পর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম ব্যবহার করে ও ক্যাপচা পূরণ করে 'অনুসন্ধান করুন' অপশনে ক্লিক করলেই জমির মালিকের নাম, দাগ ও খতিয়ানসংক্রান্ত তথ্য এবং জমির পরিমাণের প্রাথমিক ধারণা পাওয়া যাবে।

জমির তথ্য পাওয়ার পর খতিয়ানের কপির জন্য সংশ্লিষ্ট রেকর্ডের 'আবেদন করুন' অপশন থেকে আবেদন করা সম্ভব। এনআইডি নম্বর, জন্মতারিখ, ই-মেইল, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে ফরম পূরণ করে তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ফি অনলাইনে পরিশোধ করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে অনলাইনে শুধু নাম দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের জমির পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায় না। জমির রেকর্ড নির্দিষ্ট এলাকা ও দাগ নম্বরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় পূর্বপুরুষের সম্পত্তি খুঁজতে সংশ্লিষ্ট এলাকার সুনির্দিষ্ট তথ্য জানা থাকা প্রয়োজন।

অনলাইনে প্রাপ্ত তথ্য কেবল প্রাথমিক যাচাইয়ের কাজে ব্যবহার করা উচিত। জমি কেনাবেচা বা মালিকানা নিয়ে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে খতিয়ান, দলিল ও নামজারিসহ সব বৈধ নথি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!