রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৮:০৯ পিএম
রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

ফাইল ছবি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে রাশেদের এই দাবিকে সম্পূর্ণ ষড়যন্ত্র ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আমির হামজা।

বগুড়ায় এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এই প্রসঙ্গে কথা বলেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, আলেমদের পেছনে লাগার উদ্দেশ্যে নানা অপপ্রচার চালানো হচ্ছে। অতীতে প্রযুক্তির অপব্যবহার করে অপপ্রচারের উদাহরণ টেনে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও এআই প্রযুক্তি ব্যবহার করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ভুয়া ও সাজানো প্রোপাগান্ডা চালানো হয়েছিল।

আমির হামজা আরও বলেন, আজও যারা সত্য ও হকের কথা বলতে চান, আলেমসমাজকে থামিয়ে দিতে তাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র অব্যাহত রাখা হয়েছে। এ সময় তিনি তার সম্মানহানি করার চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষমার যোগ্য নয় দাবি করে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

এর আগে গত ৬ নভেম্বর জামায়াত সংসদ সদস্য আমির হামজার একটি ফোনালাপের অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ওই পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার হাতে এসেছে এবং সেগুলোর সত্যতা যাচাই করা হয়েছে। ফালানোর দাবি করা ওই অডিওতে সংশ্লিষ্ট ব্যক্তির কণ্ঠে ভুল স্বীকার, অনুতপ্ত হওয়া এবং ক্ষমা চাওয়ার মতো কিছু কথা শোনা গেছে বলে উল্লেখ করা হয়।

এসএইচ 

Link copied!