পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইরান যুদ্ধ বন্ধের সুখবর দিলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:২০ এএম
পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইরান যুদ্ধ বন্ধের সুখবর দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা খুব শিগগিরই শেষ হতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি এমন মন্তব্য করেন।

সোমবার ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পনার তুলনায় দ্রুতগতিতে এগোচ্ছে এবং এর লক্ষ্য প্রায় পূরণ হয়ে এসেছে। তার মতে, পরিস্থিতি বিবেচনায় সংঘাতটি শিগগিরই থামতে পারে।

ট্রাম্প জানান, ২৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের প্রায় পাঁচ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো। তিনি দাবি করেন, ধারাবাহিক হামলার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

এর আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ক্রেমলিন জানিয়েছে, প্রায় এক ঘণ্টার ওই আলোচনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু উঠে আসে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনাটি ছিল খোলামেলা ও গঠনমূলক। পুতিন মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানানো হয়।

পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ইরানকে ঘিরে উত্তেজনা কমাতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে বৈশ্বিক তেলের বাজারের অস্থিরতা এবং ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

তবে ইরান সংকট সমাধানে পুতিন ঠিক কী ধরনের প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এম

Link copied!