সাতসকালে শক্তিশালী ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১২:০৭ পিএম
সাতসকালে শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার ভোরে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২, তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ২ নির্ধারণ করা হয়।

এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে-এর মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি কম ছিল।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে সেখানে ভূমিধস বা পাথর ধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে একই ধরনের আরেকটি ভূমিকম্পের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় জাপানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ কারণে দেশটির দুর্যোগ প্রস্তুতি ও অবকাঠামো ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত বলে বিবেচিত।

এম

Link copied!