শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মধ্যরাতে মোদির ভিডিওবার্তা

  • আন্তর্জাতিক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৫৩ এএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মধ্যরাতে মোদির ভিডিওবার্তা

প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পরিকল্পনা নিয়ে ইনস্টাগ্রামে প্রকাশিত নিজের একটি ভিডিওতে ‘ইতিবাচক সাড়া’ দেয়ায় তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়েছিল। ভিডিওটিতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন—সেজন্য সবাইকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘আমার প্রতি আপনাদের এই ভালোবাসা অটুট থাকবে এবং আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে—ধন্যবাদ বন্ধুরা।’

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে তিনি বলেছিলেন, ‘বন্ধুরা, আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক। এ কারণেই গত আড়াই মাসে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন জেলে রয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল শিক্ষার্থীরা যাতে তাদের একটি বছরও নষ্ট না করে, তা নিশ্চিত করা। অবিলম্বে পরীক্ষাগুলো সম্পন্ন করা অত্যন্ত জরুরি ছিল।’

তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব হাতে পেয়েছেন। মোদি বলেন, ‘আমি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছিলাম। আজ তারা কঠোর পরিশ্রম করে আমাকে একটি প্রস্তাব দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভায় এ বিষয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ অনুযায়ী এটিকে চূড়ান্ত রূপ দেয়া হবে। এরপর সংসদে আমরা যত দ্রুত সম্ভব বিলটি পাস করানোর চেষ্টা করব।’

এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মুখে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে ৪৭ জন কর্মীকে বরখাস্ত করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি মোদি সরকার। সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপিতে যথেষ্ট সমর্থন পাচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। তাকে পদ থেকে অপসারণ করা হবে না।

এম

Link copied!