তারেক রহমানকে দুটি আলাদা আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:২৩ পিএম
তারেক রহমানকে দুটি আলাদা আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি-এমন অভিযোগের জবাবে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে নয়া দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি সম্পূর্ণ পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর একটি ছিল একক দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ছিল বিমসটেকের বর্তমান প্রধান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ সংক্রান্ত তথ্য পরিষ্কার করেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জয়সওয়াল সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের প্রধানকে প্রথমে ভারতের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। পরবর্তীতে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়। ফলে দুটি আমন্ত্রণের মূল প্রেক্ষাপটই ছিল আলাদা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বাংলাদেশ সরাসরি ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের দায়িত্বে থাকার সুবাদে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের বিশেষ সেশনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, তারেক রহমানকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই বক্তব্যের পরেই দিল্লির পক্ষ থেকে বিষয়টির আনুষ্ঠানিক স্পষ্টীকরণ এলো।

দিল্লি জোর দিয়ে বলেছে, গত ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের আলাদা চিঠি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো অভিনন্দনপত্র ও পরিবারসহ সফরের সেই বিশেষ চিঠিটি লোকসভার স্পিকার ওম বিড়লা নিজে ঢাকায় এসে তারেক রহমানের হাতে তুলে দেন।

এসএইচ 
 

Link copied!