ফাইল ছবি
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিচারের দাবি জানিয়েছে বিশ্বের ৬০টি দেশের প্রায় ২০০টি সংগঠন। পার্সটুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বব্যাপী সচেতনতা তৈরির অংশ হিসেবে এসব সংগঠন ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার, দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এই বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে লন্ডন, সিডনি, কেপটাউন, সাও পাওলো, রাবাত, ইস্তাম্বুল, এথেন্স ও কুয়ালালামপুরসহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে। তাছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকটি সংগঠন ইসরায়েলের সামরিক অস্ত্র সরবরাহব্যবস্থার সাথে যুক্ত সরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কোম্পানিগুলোর সামনে বিক্ষোভ সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
বৈশ্বিক এই যৌথ আন্দোলনে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ফিলিস্তিনপন্থী জোট ও সংহতি নেটওয়ার্কও অংশ নিচ্ছে। এসবের মধ্যে যুক্তরাজ্যের ‘স্টপ দ্য ওয়ার কোয়ালিশন’ ও ‘ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার নিরস্ত্রীকরণ’ এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন রয়েছে।
এসএইচ