ফাইল ছবি
ওয়েবসাইট তৈরির বহুল ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মারাত্মক নিরাপত্তা ত্রুটি ঘিরে দেশজুড়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা ‘বিজিডি ই-গভ সার্ট’।
সংস্থাটির নিয়মিত প্রযুক্তিগত নজরদারিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অর্ধশতাধিক ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে পিএইচপির পুরোনো, ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ সংস্করণ ব্যবহারের প্রমাণ মিলেছে।
রোববার (২৫ অক্টোবর) সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স (সিটিআই) ইউনিট প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, পিএইচপির জটিল নিরাপত্তাত্রুটি সম্পর্কে এর আগেই প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্টভাবে অবহিত করা হলেও অনেকে তা হালনাগাদ (আপডেট) করেনি। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠান সংস্থাটির দেওয়া বার্তার কোনো জবাবও দেয়নি।
তথ্যপ্রযুক্তি বিভাগের একটি সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত ৫০টির বেশি গুরুত্বপূর্ণ সাইটে পুরোনো পিএইচপি ভার্সন ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং তদারকি চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।
সংস্থাটির এই উদাসীনতার সুযোগ নিয়ে ইতিমধ্যে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে দেশের বেশ কয়েকটি ব্যাংক ও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হলেও এর মাঝেই রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়ার খবর নিশ্চিত করা হয়েছে।
ঝুঁকি ও দেশের ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা বিষয়ে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক নাজমুল হক খন্দকার জানান, আগে সতর্ক করা সত্ত্বেও নজরদারিতে বহু প্রতিষ্ঠানের সিস্টেমে পুরোনো সংস্করণ বহাল থাকতে দেখা গেছে। ফলে সাইবার হামলা ও অবৈধ প্রবেশের উচ্চঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে পিএইচপির সর্বাধুনিক ও সমর্থিত সংস্করণে উন্নীত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে সাইবার হামলার আন্তর্জাতিক উদ্বেগের মুখে বাংলাদেশ ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকসহ ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কারিগরি পরীক্ষা শেষে রোববার দুপুরের পর অধিকাংশ সাইট সচল করা হলেও বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত বিশেষ ওয়েবসাইটটি (recruitment.bb.org.bd) রোববার সন্ধ্যা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ ছিল।
সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, সরকারি ও ব্যাংকিং প্ল্যাটফর্মে দেশের লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ও আর্থিক বিবরণী সংরক্ষিত থাকায় এই নিরাপত্তাত্রুটি চরম ক্ষতির কারণ হতে পারে। সাময়িকভাবে সেবা বন্ধ বা আইপি সীমিত রাখা দীর্ঘমেয়াদি সমাধানের বিকল্প হতে পারে না; তাই তৃতীয় পক্ষের মাধ্যমেই হোক বা নিজস্ব ব্যবস্থাপনায়, দ্রুত প্রযুক্তি পরিকাঠামো পরিমার্জন করে সম্পূর্ণ নিরাপদ করার তাগিদ দিয়েছে সার্ট।
এসএইচ