রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায় প্রত্যাখ্যান করল মিয়ানমার, বলল অন্যায্য

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৬:২৭ পিএম
রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায় প্রত্যাখ্যান করল মিয়ানমার, বলল অন্যায্য

ছবি: সংগৃহীত

ঢাকা: রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার যে গণহত্যা সংঘটিত করেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায় প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক নেতৃত্ব। তারা এই রায়কে অন্যায্য বলে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের প্রসঙ্গ টেনেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দেশটির রাজধানী নেপিডোয় এক সংবাদ সম্মেলনে জান্তা সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে এই রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এটি ‘সর্বসম্মত ছিল না’ বলে অভিহীত করেছে।

খাইং খাইং সোয়ে বলেন, গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সাত বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ায় সামরিক কর্তৃপক্ষ আদালতের দেওয়া আদেশগুলো যথাযথভাবে মেনে চলেছে।

তিনি বলেন, “১৫ জন বিচারকের সবাই এই রায়ের সাথে একমত হননি। ৯ জন এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন, আর ৬ জন দ্বিমত পোষণ করেছেন। সুতরাং, এটি কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমি বলব এটি অন্যায্য।

রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোয়ে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও টেনে আনেন।

একইসঙ্গে এই মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়ার বিষয়েও তীব্র সমালোচনা করেন তিনি। সোয়ে বলেন, আফ্রিকার ওই দেশটির সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্কই ছিল না।

সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রাখাইনে ২০১৭ সালে দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর চালানো নৃশংসতার ভয়াবহ সব প্রমাণ বৃহস্পতিবার তুলে ধরে আইসিজে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। নারীদের ওপর ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের ওপর ‘চরম বর্বরতা’ দেখিয়েছে।

যদিও মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় এক ডজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পর তারা কেবল বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অভ্যুত্থান দমনে ওই পদক্ষেপ নিয়েছিল।

কিন্তু আইসিজের রায়ে মিয়ানমারের এই ‘বিদ্রোহ দমন অভিযানের’ যুক্তি খারিজ করে দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, শুদ্ধি অভিযান পরিচালনার সময় মিয়ানমার যে বেসামরিক নাগরিক এবং কথিত (রোহিঙ্গা) যোদ্ধাদের মধ্যে পার্থক্য করেছিল আদালতের সামনে এমন তথ্য প্রমাণ নেই।

আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দোষী সাব্যস্ত করা হল। আদালত বলছে, ২০১৭ সালের ওই সহিংস অভিযানের কারণেই লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

পিএস

Link copied!