ফাইল ছবি
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। গত শুক্রবার দেশে এক ধাক্কায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা। এমন পরিস্থিতিতে স্বর্ণের দাম সামনে আরও কমবে কি না, তা নিয়ে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার আগে আরও কমতে পারে। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, বিনিয়োগকারীদের বাধ্য হয়ে সম্পদ বিক্রি এবং দরপতনের প্রত্যাশায় নেওয়া বিনিয়োগ কৌশল—সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। এ কারণে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে। গত ১৪ মাসের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন দাম। পুরো সপ্তাহে স্বর্ণের দর কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।
মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা বিশ্ববাজারে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিয়েছে। পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা ও বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির এক জটিল সংকটের মুখোমুখি।
ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির কারণে ডলারের অবস্থান শক্তিশালী হয়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বেড়েছে। এতে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে। কারণ, স্বর্ণে বিনিয়োগ করে কোনো সুদ পাওয়া যায় না। ফলে অন্যান্য সম্পদে মুনাফার সম্ভাবনা বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
এদিকে বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারে দরপতন ঘটছে। এমন পরিস্থিতিতে নগদ অর্থের প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন। এতে স্বর্ণের দামে পতন আরও ত্বরান্বিত হচ্ছে।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, শুক্রবার স্বর্ণের দরপতন এমন কিছু নেতিবাচক শক্তির প্রতিফলন, যেগুলো একে অপরের প্রভাব আরও বাড়িয়ে তুলছে। ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে শক্তিশালী করেছে, যা স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ থেকে নগদ অর্থ তুলে নিচ্ছেন। তবে সেই অর্থ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে সরিয়ে নিচ্ছেন না।
বিজয় ভালেচা আরও জানান, বাজারের প্রবণতা অনুসরণ করে বিনিয়োগকারীদের একটি অংশ ইতিমধ্যে স্বর্ণের দরপতন থেকে মুনাফা করার কৌশল হিসেবে শর্ট পজিশন বাড়িয়েছে। অন্যদিকে স্বর্ণভিত্তিক বিনিয়োগ তহবিলের বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি বিনিয়োগ প্রত্যাহার করেননি। ফলে সামনে স্বর্ণের বাজারে আরও বিক্রির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ প্রায় ৩ হাজার ৫২৫ ডলারে লেনদেন হচ্ছে। এখন বাজারের বড় প্রশ্ন, ক্রেতারা মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৩ হাজার ৫০০ ডলারের স্তরটি ধরে রাখতে পারবেন কি না।
ক্রিস ওয়েস্টনের মতে, স্বর্ণের দাম এই স্তরের নিচে নেমে গেলে এবং সেখানে অবস্থান করলে তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের সীমায় চলে যেতে পারে। তবে ওই পর্যায়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী ও সরাসরি স্বর্ণ কেনা ব্যক্তিরা নতুন করে কেনার আগ্রহ দেখাতে পারেন।
নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, আগের সমর্থনমূলক মূল্যস্তর ভেঙে যাওয়ার পর স্বর্ণের দাম এখন প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের দিকে ঝুঁকে রয়েছে। তাঁর মতে, এই মনস্তাত্ত্বিক স্তরের নিচে দীর্ঘসময় অবস্থান করলে স্বর্ণের দাম আরও কমে ৩ হাজার ২০০ ডলারে নেমে আসতে পারে।
এসএইচ