সহিংসতাকারীদের ধরতে শিগগিরই রাজধানীতে চিরুনি অভিযান: ডিএমপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৩:৪১ পিএম
সহিংসতাকারীদের ধরতে শিগগিরই রাজধানীতে চিরুনি অভিযান: ডিএমপি

ফাইল ছবি

ঢাকা: ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা করে ঢাকায় এসে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

এডিসি নিয়াজ মেহেদী বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। আর যারা রাজধানীর বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যে কোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

পিএস

Link copied!