মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াররাক এলাকার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটি উল্টে আশপাশের যানবাহনের ওপর জ্বালানি ছড়িয়ে পড়লে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। পরে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে মহাসড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।
দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালগুলোতে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসা দেয়া হয়। কায়রোর পুরোনো নগরকেন্দ্রের উত্তরে ওয়াররাক এলাকার রিং রোডের একটি অংশে আগুনের এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়া রাতের আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনে আশপাশের বেশ কয়েকটি যানবাহনও পুড়ে যায়।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কর্মকর্তারা এখনো বিস্তারিত কিছু জানাননি। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর পেট্রোল ছড়িয়ে পড়ে। এতে আগুন দ্রুত ছড়িয়ে যায়।
এদিকে ঘটনাটি তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।
আল-আহরাম পত্রিকা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এরপর ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায় বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকাটি।
সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আবাসিক এলাকাগুলোতে অপরিকল্পিত বসতি এবং অনেক ক্ষেত্রে জরাজীর্ণ অবকাঠামোর কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেশি।
এছাড়া জরুরি সেবাদানকারী দলগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি এবং স্থানীয়ভাবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার ওপর নির্ভর করতে হওয়ায় পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়ে। বিস্তৃত জনবসতিপূর্ণ রাজধানী কায়রোতেও এমন পরিস্থিতি দেখা যায়।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর মহাসড়কে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। এ সময় জরুরি সেবাদানকারী দলগুলো সড়কে প্রবেশের পথ বন্ধ করে দেয়।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহতদের চিকিৎসার তদারকি করতে কায়রোর একটি হাসপাতালে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত হওয়ার ছবিও প্রকাশ করেছে মন্ত্রণালয়।
প্রসঙ্গত, মিশরে সড়ক দুর্ঘটনাও প্রায়ই ঘটে। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ব্যাপকভাবে ট্রাফিক আইন অমান্য করার কারণে এসব দুর্ঘটনা ঘটে বলে মনে করা হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরের সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা কয়েক শ বেশি।
এম