যেভাবে বিমানবন্দরে আটকে গেলেন পিপিডির আদেলেগান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৭:০৮ পিএম
যেভাবে বিমানবন্দরে আটকে গেলেন পিপিডির আদেলেগান

ফাইল ছবি

আর্থিক অনিয়মের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও আদালতের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় ঢাকা থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার চেষ্টা করেন নাইজেরীয় নাগরিক অধ্যাপক জোসেফ আকিনকুগবে আদেলেগান। তবে শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাঁকে উড়োজাহাজ থেকে নামিয়ে দিয়েছে। ঢাকাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) নির্বাহী পরিচালক আদেলেগান সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই রয়েছেন।

রোববার ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি-৬৮১ (ET681) নম্বর ফ্লাইটে তাঁর দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে দেশত্যাগ করতে দেয়নি এবং ফ্লাইট থেকে নামিয়ে আনে।

বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার (ইমিগ্রেশন) জানান, জোসেফ আদেলেগানকে ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখনো বিমানবন্দরে অবস্থান করছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কি না বা পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও তিনি কীভাবে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন এবং তাঁর যাত্রার উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
পিপিডির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. মো. নজরুল ইসলামের করা একটি ফৌজদারি মামলায় গত ২৬ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত-২৭ আদেলেগানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সিআর মামলা নম্বর ১৮৩/২০২৬-এ দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায়-অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে-তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত। তদন্ত প্রতিবেদন ও অভিযোগ পর্যালোচনার পর এই পরোয়ানা জারি করা হয়। একই মামলায় অভিযুক্ত অপর তিনজনের বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি।

এরপর ১ নভেম্বর ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল পৃথক আদেশে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন প্রশাসনের বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দেন, আদালতের অনুমতি ছাড়া আদেলেগান যাতে বাংলাদেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে। সেই নিষেধাজ্ঞার মধ্যেই রোববার বিদেশে যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে আটকে যান তিনি।

এক বছর ধরে অনিয়মের অভিযোগ
নাইজেরীয় নাগরিক অধ্যাপক জোসেফ আকিনকুগবে আদেলেগান ২০২৫ সালের অক্টোবরে পিপিডির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর বিরুদ্ধে আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, কর্মীদের বেআইনিভাবে চাকরিচ্যুত করা, কর্মক্ষেত্রে হয়রানি, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং সংস্থার অর্থ ব্যবহারে স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে।

এসব অভিযোগে পিপিডির একাধিক সাবেক কর্মকর্তা সংস্থাটির বোর্ড, নির্বাহী কমিটি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও আপিল করেছেন। বিশেষ করে কয়েকজন জ্যেষ্ঠ বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে কর্মী নীতিমালা ও পরিচালনা পর্ষদের অনুমোদন মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে; চাকরিচ্যুত কর্মীদের কেউ কেউ কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগও করেছেন।

এ ছাড়া দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মাথায় আদেলেগানের বার্ষিক বেতন ৮৬ হাজার ১৬৩ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ডলার করার অনুমোদনে সংস্থার আর্থিক নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি কেপিএমজিকে ২২ হাজার মার্কিন ডলারে বহিঃনিরীক্ষার দায়িত্ব দেওয়া, নির্ধারিত ক্রয়প্রক্রিয়া অনুসরণ এবং আগের অডিটের পর্যবেক্ষণ নিষ্পত্তি না হওয়ার বিষয়গুলো বিতর্ক সৃষ্টি করেছে।

নির্বাহী কমিটির বিরোধ ও চলমান সংকট
আদেলেগানের প্রশাসনিক কার্যক্রম নিয়ে অভিযোগ ওঠার পর পিপিডির তিউনিসিয়ার নির্বাচিত বোর্ড চেয়ারম্যান স্বাধীন তদন্তের আহ্বান জানান এবং তদন্ত চলাকালে নির্বাহী পরিচালককে সাময়িক বরখাস্ত করার বিষয়টি বিবেচনার জন্য নির্বাহী কমিটির সদস্যদের অনুরোধ করেন।

এদিকে পিপিডির নির্বাহী কমিটির সভা আহ্বানের ক্ষমতা নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে আদেলেগানের বিরোধ তৈরি হয়। গত অক্টোবরে কেনিয়ার নাইরোবিতে প্রস্তাবিত একটি নির্বাহী কমিটির সভার বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তান আনুষ্ঠানিক আপত্তি জানায় এবং উপবিধি অনুযায়ী সভা আহ্বানের প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেয়। এর মধ্যেই আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নাইরোবিতে আন্তর্জাতিক সম্মেলন ও পিপিডির পরিচালনা পর্ষদের একাধিক সভার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ২৮ সদস্যদেশের আন্তঃসরকারি সংস্থা পিপিডির স্বাগতিক দেশ বাংলাদেশ এবং এর প্রধান সচিবালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। নিষেধাজ্ঞার মধ্যে আদেলেগানের দেশত্যাগের চেষ্টা ও ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার ঘটনা সংস্থাটির চলমান প্রশাসনিক ও আইনি সংকটে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো বিচারিক ও প্রাতিষ্ঠানিক নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এসএইচ 

Link copied!