ফাইল ছবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা ও স্থায়ী সদস্য, বর্ষীয়ান সাংবাদিক নূরুল হাসান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলেছিল। তাঁর ভাগিনেয় সাংবাদিক মাসুদ করিম জানান, এশার নামাজের পর মিরপুর ২ নম্বর মার্কেট মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সাংবাদিক নূরুল হাসান খানের প্রয়াণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেত্রকোনায় জন্ম নেওয়া নূরুল হাসান খান দীর্ঘ পেশাগত জীবনে দৈনিক দিনকাল পত্রিকার চিফ রিপোর্টারসহ বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠালগ্নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি দেশের বিভিন্ন সংকট ও গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সবসময় সোচ্চার ছিলেন। ২০২১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে দুই হাজার ৫৮২ জন সাংবাদিকের দেওয়া যৌথ বিবৃতিতে অগ্রজ সাংবাদিক হিসেবে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।
এসএইচ