সাগরে ধরা ধাতিনা ‎ভোল মাছ, ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৬:৫৭ পিএম
সাগরে ধরা ধাতিনা ‎ভোল মাছ, ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি

ছবি : প্রতিনিধি

‎বাগেরহাট: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাটে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১৩ হাজার ৮৮৭ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে মিরাজ হাওলাদারের আড়তে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী হারুন মীর।

এর দু’দিন আগে গত ১১ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ফিশিং ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। বিরল এই মাছটি দেখতে বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের কেবি বাজারে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। মাছটির আকার ও দাম নিয়ে তাদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল।

‎এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন জানান, বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ তেমন ধরা পড়ছে না। বৈরী আবহাওয়া সাগর উত্তাল হয়ে ওঠায় ফিরে আসার আগ মুহূর্তে রাতে সাগরে জাল ফেলি। মঙ্গলবার ভোর রাতে জাল টানার সময় ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছটি পাই। এত বড় ও দামি মাছ পেয়ে আমি খুবই খুশি। বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।

‎বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটির ক্রেতা মৎস্য ব্যবসায়ী হারুন মীর জানান, এই বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটির মণ ৬ লাখ টাকার উপরে। সেই হিসাবে ২২ কেজি ওজনের মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এখন বরফ দিয়ে মাছটি বড় মোকামে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করছি, মাছটি বিক্রি করে ৫০ হাজার টাকা লাভ করতে পারব।

‎উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছের পটকা আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই পটকা উচ্চমূল্যে বিক্রি হয়। ধাতিনা ভোল মাছের পটকা ওষুধ প্রস্তুত, চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা ও প্রসাধনী তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অনেক বছর পর বাগেরহাটের জেলের জালে সাগরে বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল ধরা পড়লো। বড় আকারের এমন মাছ ধরা পড়লে তা জেলে ও ব্যবসায়ীদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। দীর্ঘদিন পর এমন বড় মাছ পাওয়ায় আমরা সবাই খুবই আনন্দিত।

পিএস

Link copied!