রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

  • রাজশাহী ব্যুরো  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৫৬ এএম
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ছবি : প্রতিনিধি

রাজশাহী: নেশা করার টাকা না পেয়ে রাজশাহীতে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেছে ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। পরে স্থানীয়রা সুমন নামের ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে সুমন রাতে নেশার করার টাকার জন্য মা সোহাগীকে চাপ দেন। কিন্তু টাকা দিতে রাজি না হলে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান।

পরে মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন সুমন। বিষয়টি জানানাজি হলে স্থানীয়রা ওই ঘর থেকে ঘাতক সুমনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যান। পরে নিহত সোহাগীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসআই

Link copied!