ছবি: প্রতিনিধি
ঝালকাঠির সদর উপজেলার বৈদারাপুর মোল্লাবাড়ি গ্রামে ছেলের হাতে মায়ের নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। অভিযুক্ত ছেলে সাগর (৩২), তিনি আহম্মদ খানের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে সাগর সবার ছোট।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এলাকাবাসী জানায়, তিনি প্রায়ই তাঁর মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় সাগর হাতে দা নিয়ে মায়ের ওপর হামলা চালান। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার পরপরই প্রতিবেশী নান্নু খান বিষয়টি ঝালকাঠি সদর থানাকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। এই ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :