ফাইল ছবি
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম অভিযোগ করেন, সকাল সাড়ে ৯টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে গেলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন।
খাদিজা বেগম বলেন, “প্রথমে মাজেদা বেগম বাধা দিয়ে মোবাইল ফোনে জানালে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা ঘটনাস্থলে গিয়ে প্রচারে বাধা সৃষ্টি করেন। পাশের এলাকায় গেলেও সেখানে বাধা দেওয়া হয় এবং অশ্লীল ভাষায় প্রচার বন্ধ করতে বলা হয়।”
তিনি আরও জানান, খবর পেয়ে জামায়াতের শুক্তাগড় ইউনিয়ন আমীর আব্দুল আলিম ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। সংঘর্ষ এড়াতে জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকা ছেড়ে চলে যান।
জামায়াতের নারী নেত্রীরা বলেন, এর পূর্বেও একই এলাকায় তাদের প্রচারে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বর্তমানে খুলনায় অবস্থান করছি। ঘটনাটি মোবাইল ফোনে শুনে এলকায় খবর নিয়েছি। যারা ঘটিয়েছে তারা আমার এলাকার কেউ নন। আমি এলাকায় থাকলে এমনটা হতে পারতো না।”
এসএইচ
আপনার মতামত লিখুন :