অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিগুলোকে স্বাভাবিক ও চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্ন করেন। জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, এসব চুক্তি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরে চলমান প্রক্রিয়ারই অংশ।
পরবর্তী সরকার এসব চুক্তি বাস্তবায়নে এগিয়ে না গেলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি কী হবে—এমন প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, এটি অনুমাননির্ভর প্রশ্ন এবং এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন নয়।
সম্প্রতি তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, সব দেশের বাস্তবতা এক নয়। অনেক দেশে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা নেই, ফলে তুলনাও একরকম হয় না।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের ঘোষিত প্রধান অগ্রাধিকার ছিল রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন।
দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা খাতে একাধিক উদ্যোগ নেয়। এর মধ্যে রয়েছে—চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন সংক্রান্ত চুক্তি, পাকিস্তান থেকে জেএফ–১৭ থান্ডার জঙ্গি বিমান ক্রয়, চীন থেকে জে–১০ সি যুদ্ধবিমান সংগ্রহ, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন কেনার উদ্যোগ, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন সংগ্রহ, তুরস্ক থেকে টি–১২৯ অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার ক্রয় এবং প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প।
এই চুক্তি ও উদ্যোগগুলো ঘিরে রাজনৈতিক ও জনপরিসরে আলোচনা-সমালোচনা চললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এগুলোকে রাষ্ট্রীয় প্রয়োজন ও ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।
এম
আপনার মতামত লিখুন :