নির্বাচন অবাধ ও সুষ্ঠু: সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল ইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৪২ পিএম
নির্বাচন অবাধ ও সুষ্ঠু: সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল ইসি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা প্রদান করেছে, সেজন্য কমিশন কৃতজ্ঞ। পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীর প্রতিও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি। একই সঙ্গে অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ 

 

Link copied!