কী কী সুযোগ-সুবিধা পান একজন এমপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:১২ এএম
কী কী সুযোগ-সুবিধা পান একজন এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের পথ সুগম হয়েছে। বাংলাদেশের সংসদ সদস্যরা আইন অনুযায়ী নির্ধারিত বেতন, ভাতা ও বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধা নির্ধারিত হয়েছে জাতীয় সংসদ প্রণীত ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস), ১৯৭৩’ বা ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’-এর মাধ্যমে; যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত হয়।

আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য নিয়মিত মাসিক বেতন ছাড়াও পরিবহন, অফিস, চিকিৎসা, ভ্রমণ, বিনা শুল্কে গাড়ি আমদানি, বীমা ও নানা ধরনের ভাতা পান।

নিচে সংসদ সদস্যদের প্রাপ্ত প্রধান সুবিধাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো—

মাসিক বেতন ও নিয়মিত ভাতা

মূল বেতন: ৫৫,০০০ টাকা

নির্বাচনি এলাকা ভাতা: ১২,৫০০ টাকা

আপ্যায়ন ভাতা: ৫,০০০ টাকা

পরিবহন ভাতা: ৭০,০০০ টাকা (জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনসহ)

অফিস ব্যয় ভাতা: ১৫,০০০ টাকা (নির্বাচনি এলাকার অফিস পরিচালনায়)

লন্ড্রি ভাতা: ১,৫০০ টাকা

বিবিধ ব্যয় ভাতা: ৬,০০০ টাকা

চিকিৎসা ভাতা: ৭০০ টাকা


শুল্কমুক্ত গাড়ি সুবিধা

সংসদ সদস্যরা মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই আমদানি করতে পারেন। পাঁচ বছর পর একই সুবিধায় নতুন গাড়ি আনার সুযোগও রয়েছে।

ভ্রমণ ও দৈনিক ভাতা

সংসদ অধিবেশন ও কমিটির সভায় অংশগ্রহণের জন্য বিশেষ ভাতা।

রেল, নৌ বা বিমানপথে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ হারে ভ্রমণ ভাতা।

সড়কপথে কিলোমিটারভিত্তিক ভাতা।

দেশে ভ্রমণের জন্য বছরে ১ লাখ ২০ হাজার টাকা বা সমমূল্যের ট্রাভেল পাস।

দায়িত্বস্থলে অবস্থানকালে দৈনিক ৭৫০ টাকা ভাতা ও ৭৫ টাকা যাতায়াত ভাতা।

অধিবেশন/কমিটিতে উপস্থিতির ভিত্তিতে দৈনিক ৮০০ টাকা ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতা।

চিকিৎসা ও বীমা সুবিধা

সংসদ সদস্য ও তাঁদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসাসুবিধা পান। এছাড়া দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার বীমা সুবিধা কার্যকর হয়।

টেলিযোগাযোগ সুবিধা

বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয়। মাসিক ৭,৮০০ টাকা পর্যন্ত কল ও ভাড়া বাবদ প্রদান করা হয়।

ঐচ্ছিক অনুদান তহবিল

প্রতিটি সংসদ সদস্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি নির্ধারিত অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যয় করতে হয়।

কর সুবিধা

আইন অনুযায়ী, সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়করমুক্ত।

রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এসব বেতন-ভাতা ও সুবিধা সংসদ সদস্যদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহায়ক হিসেবে বিবেচিত হয়।

এম

Link copied!