দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর প্রতীকী বাটন চাপার সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংক-এর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচিত ক্রীড়াবিদদের মোবাইল অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে ভাতা পৌঁছে যায়। এদিন তিনি ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়াকার্ড তুলে দেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে। পরে ক্রীড়া খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দেশের ক্রীড়াঙ্গনে অতীত ও বর্তমানের অবদান তুলে ধরা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে ক্রীড়াবিদদের একটি কাঠামোবদ্ধ ভাতা ব্যবস্থার আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে বিভিন্ন ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হলেও, আগামীতে এ সংখ্যা বাড়িয়ে ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তালিকাভুক্ত ক্রীড়াবিদদের প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যারা নির্ধারিত মান বজায় রাখতে পারবেন, তারা নিয়মিত এই সুবিধা পাবেন; অন্যথায় তালিকা থেকে বাদ পড়বেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
সরকারের এই উদ্যোগকে ক্রীড়াবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে আরও পেশাদার ও টেকসই করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এম
আপনার মতামত লিখুন :