আবার বড় পতনের মুখে স্বর্ণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৫৮ পিএম
আবার বড় পতনের মুখে স্বর্ণ

ছবি : সংগৃহীত

ঢাকা: সকালে সেশনে স্থিতিশীল থাকলেও বিকালে দিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির প্রত্যাশা—এই দুই কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। যার কারণে বৃহস্পতিবার স্বর্ণের দামে বড় পতন হয়েছে।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫১.৪৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ২.৩ শতাংশ কমে ৪ হাজার ৪৪৮ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে। উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমিয়ে দেয়।

এদিকে, ব্রেন্ট ক্রুড তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে, যা জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কাকে সামনে এনে বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রূপার দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯.৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ২.৩ শতাংশ কমে ১ হাজার ৮৭৪.৯০ ডলার এবং প্যালাডিয়াম ২.৫ শতাংশ কমে ১ হাজার ৩৮৭.৫৩ ডলারে নেমে এসেছে।

পিএস

Link copied!