জ্বালানি তেল মজুতের তথ্য প্রদানকারীর জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৪৬ পিএম
জ্বালানি তেল মজুতের তথ্য প্রদানকারীর জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ পুরস্কার ঘোষণা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৭ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছিল, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুতদারি বন্ধে পুরস্কারের ঘোষণা করবে সরকার।

এদিকে রোববার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় থেকে এক বার্তায় জানানো হয়, দেশের জ্বলানি খাতে অস্থিরতার মধ্যে সব পেট্রোল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত করা তেলে উদ্ধার এবং বিভিন্ন পেট্রোল পাম্পে অস্থিরতা নিরসনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। অনেক পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লিখা ব্যানার ঝোলানো থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলছে হাজার হাজার লিটার জ্বালানি তেল। আবার অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটরা আবাসিক বাসা-বাড়িতেও পেয়ে যাচ্ছেন বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল।

এদিকে, রোববার (২৯ মার্চ) মোংলায় অয়েল ইনস্টলেশন কেন্দ্রে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের নেতৃত্বে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যমুনা পেট্রোলিয়ামে তিনটি তেলের ট্যাংক জব্দ করা হয়। পরে সেখান থেকে ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়।

পিএস

Link copied!