ঢাকার ডিসির বিস্ময়কর যোগদান!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৫৭ পিএম
ঢাকার ডিসির বিস্ময়কর যোগদান!

ফাইল ছবি

প্রজ্ঞাপন জারির দুই ঘণ্টার মাথায় ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর বিকেলেই তিনি দায়িত্ব গ্রহণ করেন। মাঠ প্রশাসনের ইতিহাসে এমন দ্রুত যোগদানকে বিস্ময়কর হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা।

ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ফরিদা খানমকে ঢাকার জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন দেখার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন কর্মকর্তার যোগদানের সময় জানতে চাওয়া হয়। সেখান থেকে জানানো হয়, তিনি আগামী সপ্তাহে যোগদান করবেন। এর মধ্যে দুপুর ২টার দিকে ফরিদা খানম ফোন করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা জানান। পরে বিকেল ৪টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এদিকে তাকে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একটি পুরোনো ভিডিওতে তাকে ‘বঙ্গবন্ধু মরে নাই’ গান গাইতে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্নজন এ নিয়ে মতামত প্রকাশ করেন।

প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরসহ অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানান। ভিডিওতে ফরিদা খানমকে একটি রাজনৈতিক গান পরিবেশন করতে দেখা যায়। জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট ভারতের দেহরাদুনে একটি সরকারি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার সময় তিনি গানটি পরিবেশন করেছিলেন।

ফরিদা খানমের নিয়োগ নিয়ে বিতর্কের আরেকটি কারণ হিসেবে তার আগের কর্মকাল নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের কথাও সামনে এসেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তবে এক বছরের মধ্যে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে বালুমহাল ইজারা সংক্রান্ত অনিয়ম, সরকারি জমি বন্দোবস্তে অনিয়ম, রেকর্ড জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং তহবিল স্থানান্তর সংক্রান্ত অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম থেকে সরিয়ে দেওয়ার পর দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বলে জানা গেছে। এসব অভিযোগের মধ্যেই তাকে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে ও বাইরে নানা প্রশ্ন উঠেছে।

এসএইচ 
 

Link copied!