যেখানে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:০২ পিএম
যেখানে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ

ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। সংস্থাটির ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বছর শেষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াবে ২ হাজার ৯১১ ডলারে, যেখানে ভারতের ক্ষেত্রে এই অংক হতে পারে ২ হাজার ৮১২ ডলার। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীরগতির কারণেই এমন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে আইএমএফ।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালেও ভারতের জিডিপি ৩ হাজার ৯১৬ বিলিয়ন ডলারের বিপরীতে বাংলাদেশের জিডিপি ছিল ৪৫৮ বিলিয়ন ডলার। অর্থনীতির বিশালত্বের বিচারে ভারতের অবস্থান অনেক উঁচুতে হলেও মাথাপিছু হিসাবের এই পরিসংখ্যান এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে। তবে এই প্রবৃদ্ধি খুব বেশি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আইএমএফের পূর্বাভাস বলছে, ২০২৭ সাল থেকেই ভারত পুনরায় বাংলাদেশের তুলনায় এগিয়ে যেতে শুরু করবে এবং এই ধারা ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অর্থনীতিবিদরা অবশ্য এই পূর্বাভাস নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে মাথাপিছু জিডিপির এই হিসাবে পরিবর্তন আসে। ডলারে দেশীয় মুদ্রার অবমূল্যায়ন হলে বা কোনো দেশের মুদ্রার মান স্থিতিশীল থাকলে ডলারে প্রকাশিত জিডিপির পরিমাণে পার্থক্য তৈরি হয়। তাই এক বছরের হিসাব দিয়ে দুই দেশের অর্থনীতির প্রকৃত সক্ষমতার তুলনা করা কঠিন।

একই সুর শোনা গেছে বেসরকারি গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানের কণ্ঠেও। তার মতে, জিডিপিতে সাময়িকভাবে এগিয়ে যাওয়ার সংবাদে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ বাংলাদেশের অর্থনীতি বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং বিনিয়োগে স্থবিরতার মতো নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। মাথাপিছু জিডিপির এই সংখ্যাতাত্ত্বিক বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার মানে খুব একটা পরিবর্তন আনবে না।

সাধারণত একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু জিডিপি নির্ধারণ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৬২৫ ডলারে। বিশ্ব প্রেক্ষাপটে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর গড় মাথাপিছু জিডিপি যেখানে ৭ হাজার ৫০০ ডলার, সেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশই এখনো অনেকটা পিছিয়ে। বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আইএমএফের এই পূর্বাভাস ভবিষ্যতে বদলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

এসএইচ 

Link copied!