নবম পে-স্কেল: বেতন ও অন্যান্য ভাতা বৃদ্ধির পুরো প্রক্রিয়াটি জানা গেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:৫৬ এএম
নবম পে-স্কেল: বেতন ও অন্যান্য ভাতা বৃদ্ধির পুরো প্রক্রিয়াটি জানা গেল

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা হলেও দ্বিতীয় ধাপে গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ভাতা ও সুবিধা বৃদ্ধির ওপর।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে বেসিক বেতন বাড়ানোর মাধ্যমে কর্মচারীদের তাৎক্ষণিক আর্থিক স্বস্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর পরবর্তী ধাপে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকি ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা ধাপে ধাপে বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একসঙ্গে পুরো পে-স্কেল বাস্তবায়ন করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই ব্যয় ব্যবস্থাপনা সহজ রাখতে এবং অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেতন বৈষম্য কমাতে অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮, যা আগের পে-স্কেলের তুলনায় কম।

উদাহরণ হিসেবে, বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন-ভাতা যেখানে প্রায় ১৬,৯৫০ টাকা, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে তা বেড়ে প্রায় ৪১,৯০৮ টাকায় পৌঁছাতে পারে। তবে এই বৃদ্ধি একবারে নয়, ধাপে ধাপে কার্যকর করা হবে।

এছাড়া, বিশেষ ভাতা (বর্তমানে ১০% ও ১৫%) নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করারও সুপারিশ রয়েছে। উচ্চ গ্রেডের ক্ষেত্রে কিছু সুবিধা—যেমন গাড়ি সেবা নগদায়ন—ভাতা বৃদ্ধির হিসাবের বাইরে রাখা হয়েছে, ফলে নিম্ন গ্রেডের তুলনায় উচ্চ গ্রেডে ভাতা বৃদ্ধির হার তুলনামূলক কম হতে পারে।

এম

Link copied!