পে স্কেল নিয়ে সর্বশেষ অবস্থা, অচিরেই কার্যকর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৩৭ পিএম
পে স্কেল নিয়ে সর্বশেষ অবস্থা, অচিরেই কার্যকর

ফাইল ছবি

দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে নবম পে-স্কেল। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে। বেতন কমিশনের প্রতিবেদন যাচাই-বাছাইয়ের জন্য পুনর্গঠিত কমিটি তাদের নতুন সুপারিশে ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটির এই মতামতের ওপর ভিত্তি করে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের এই সুপারিশ করা হয়েছে। সরকারি কোষাগারের ওপর এককালীন আর্থিক চাপ কমাতে কমিটি কয়েকটি ধাপে এটি বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে আগামী জুলাই মাস থেকে মূল বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর করার কথা বলা হয়েছে। পরবর্তী ধাপে চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতার পরিমাণ বাড়ানো হবে।

সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পার হলেও নতুন কোনো বেতন কাঠামো কার্যকর হয়নি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার নবম পে-স্কেলের সুপারিশ প্রণয়নে একটি বিশেষ কমিশন গঠন করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই কমিশন প্রতিবেদন জমা দেয়। এরপর গত ২১ এপ্রিল সরকার এই সুপারিশগুলো পর্যালোচনা ও কার্যকর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করে।

প্রস্তাবিত নতুন স্কেলে বেতন বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী সব মিলিয়ে ১৬ হাজার ৯৫০ টাকা বেতন পান, যেখানে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। কমিটির প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের কর্মচারীর মূল বেতনই হতে পারে ২০ হাজার টাকা। এর ফলে অন্যান্য ভাতাসহ তাঁর মোট বেতন দাঁড়াবে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডেই বেতন প্রায় আড়াই গুণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

তবে এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের প্রয়োজন হবে। অর্থ মন্ত্রণালয় বর্তমানে সচিব কমিটির সুপারিশগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ১ জুলাই থেকে মূল বেতন বৃদ্ধি কার্যকর হলে বর্তমান আর্থিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় সরকারি চাকরিজীবীদের মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে। এই লক্ষ্যে আগামী বাজেটে সরকারের বিশেষ নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ 
 

Link copied!