ছবি: সোনালীনিউজ
অপসাংবাদিকতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে জবাবদিহিতামূলক সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডিআরইউ’র কল্যাণমূলক কর্মকাণ্ডের আওতায় এদিন সংগঠনের প্রয়াত দুই সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্ত নাগের পরিবারকে গ্রুপ বিমার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মোট ৬ লাখ টাকার দুটি চেক তুলে দেন। বিমার শর্ত অনুযায়ী প্রতিটি পরিবার ৩ লাখ টাকা করে আর্থিক সুবিধা পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী প্রয়াত সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাংবাদিকদের কল্যাণে ডিআরইউ’র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি যেকোনো প্রয়োজনে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে।
ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল। সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন সাংবাদিকদের বেতন কাঠামোসহ পেশাগত জীবনের নানা অবহেলিত দিক তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জীবনযাত্রার মান ও পেশাগত উন্নতির জন্য সরকারের কার্যকর পদক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা ছাড়াও ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরীসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :