ফাইল ছবি
ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি অনুসরণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেতার। সম্প্রতি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে নারী উপস্থাপকদের ক্ষেত্রে কপালে বড় টিপ এবং একপাশে ওড়না ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
গত ৪ মে বাংলাদেশ বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের সময় নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে হবে। তবে কপালে বড় টিপ পরা যাবে না এবং ওড়না একপাশে ঝুলিয়ে রাখা যাবে না।
একই আদেশে পুরুষ সংবাদ উপস্থাপকদের পোশাকের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে জাতীয় উৎসব বা বিশেষ পার্বণে তারা পাঞ্জাবি পরতে পারবেন। সংবাদ উপস্থাপনার সময় যেকোনো ধরনের টি-শার্ট ও গেঞ্জি পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এই পোশাকবিধির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বেতারের এক কর্মকর্তা জানান, মূলত সংবাদ উপস্থাপনার সময় শালীনতা ও পেশাদারত্ব বজায় রাখার লক্ষ্যেই উপস্থাপকদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। তবে এই বিশেষ নির্দেশনার কারণ ও এর পক্ষে যুক্তির বিষয়ে বিস্তারিত জানতে অফিস আদেশে স্বাক্ষরকারী পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এসএইচ
আপনার মতামত লিখুন :