ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। আর সমাজকে সঠিকভাবে তুলে ধরতে হলে গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত থাকতে হবে। তিনি স্পষ্ট করে জানান, গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারে, তবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা সম্ভব নয়।
সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব এবং বর্তমান চ্যালেঞ্জের নানা দিক তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তবে এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা রক্ষা করা জরুরি।
রাজনৈতিক বা আদর্শিক মতভিন্নতার ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেন, আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা বা নানা বিষয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশ ও মানবতার কল্যাণের প্রশ্নে সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থে কোনো আপস করা চলবে না।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা সংবাদপত্রের কালো দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার ওপর জোর দেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :