ফাইল ছবি
চলতি বছরের বর্ষা মৌসুমের পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী এক বছরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু করে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।
সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ হতে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্মে ও শীত মৌসুমে পানির চাহিদার কিছুটা তারতম্য হয়ে থাকে। এর বিপরীতে ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।
তিনি জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি, অ্যালাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পরিশোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পানির গুণগত মান পরীক্ষা করা হয়। ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে গুণগত মান নিশ্চিত হওয়ার পরই তা নেটওয়ার্কে সরবরাহ করে থাকে।
সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কার্যক্রম বর্তমানে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যাওয়া হয়। এই বেসরকারি মাধ্যমগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তির আওতায় আনার কাজ চলছে। চুক্তি সম্পন্ন হলে ছোট ছোট কাভার্ড ভ্যানে পরিবেশসম্মতভাবে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।
সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার ভার্সন-২ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন সিস্টেমে অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ব্লক চেইনের মাধ্যমে কোনো প্রকার তথ্য পরিবর্তন হলে তার লগ জানা যাবে এবং কোন স্তরে তথ্য পরিবর্তন হলো তা উদঘাটন করা সহজ হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজ করতে এবং জনভোগান্তি দূরীকরণের লক্ষ্যে সারাদেশের নিবন্ধক ও সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের যুব সমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি জেলায় নিয়মিত জনসচেতনতামূলক কর্মশালা ও ক্যাম্পেইন আয়োজন করা হয়ে থাকে।
সংসদ সদস্য মো. আব্দুল্লাহের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর হতে ‘যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখার লক্ষ্যে যুব সংগঠনের মাধ্যমে সীমান্তবর্তী জেলাসমূহে প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি প্রকল্প’ এর ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং এই প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শেষ করা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :