পিরোজপুরে ছাত্রীর শ্লীলতাহানির বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:৪২ পিএম
পিরোজপুরে ছাত্রীর শ্লীলতাহানির বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

পিরোজপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত এক শিক্ষকের বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। অভিযুক্ত নির্মল চন্দ্র ভদ্র পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর বিরুদ্ধে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ জুন) দুপুরে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী একজন প্রতিবাদী নারী। তিনি যদি প্রতিবাদ না করতেন, তাহলে রামিসার মতো তাঁকে ধর্ষণ করে হত্যা করা হতো। একজন শিক্ষক হয়ে তিনি শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এই ঘটনার সঠিক বিচার না হলে বৃহস্পতিবার আবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে, এমনকি স্কুল ভাঙচুরের ঘটনাও ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

অভিযোগ সূত্রে জানা যায়, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ভুক্তভোগী ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২২ মে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পর ওই ছাত্রী তার বাবাকে জানান যে অভিযুক্ত শিক্ষক তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে থানায় গেলে ছাত্রীর এসএসসি পরীক্ষা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিষয়টি সামনে এনে অভিযোগ প্রত্যাহার করতে কিংবা অভিযুক্ত শিক্ষকের কাছে ক্ষমা চাইতে বলা হয়।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!