ছবি : সংগৃহীত
ঢাকা: মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের তীব্র অসন্তুষ্টি ও আপত্তির মুখে আগের গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণের পোশাক বহাল করা হয়েছে। তবে পুলিশের সব শাখার সদস্যদের প্যান্টের রং হবে খাকি।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশের ইউনিফর্মে এই পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি শুক্রবার (১৯ জুন) জানাজানি হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন (লোহা) রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের (মেট্রোপলিটন) ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের। এছাড়া কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্য খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতবস্ত্র ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ থাকবে। হেড কভার বা হিজাব হতে হবে অনুমোদিত গাঢ় নীল রঙের। সংশোধিত বিধানে গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।
এর আগে গত মে মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, বিদ্যমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে কেউ সন্তুষ্ট ছিলেন না এবং এটি মানানসইও ছিল না। তাই পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :