গেজেট প্রকাশ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য প্রকাশ!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৭:২০ পিএম
গেজেট প্রকাশ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য প্রকাশ!

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নতুন বেতন কাঠামোর কাঙ্ক্ষিত গেজেট প্রকাশিত হতে পারে। বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক না কেন, নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে বিবেচিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি বর্তমানে এই সুপারিশগুলো যাচাই-বাছাই ও কারিগরি দিকগুলো বিশ্লেষণ করছে। সচিব কমিটির কারিগরি পর্যালোচনা শেষে এই সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উঠবে। সেখানে নতুন পে-স্কেল বাস্তবায়নের ধাপসহ ৪ ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট মিলবে কি না, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনি পরীক্ষা-নিরীক্ষার জন্য তা আইন মন্ত্রণালয়ে যাবে এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর সারসংক্ষেপ অনুমোদনের পর গেজেট জারি হবে।

২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল, যেখানে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব ছিল। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ঘাটতি বিবেচনা করে কমিটি একটি নতুন যুক্তিসঙ্গত খসড়া চূড়ান্ত করছে। লাখো সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নতুন পে-স্কেল প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে এক দারুণ মাইলফলক হতে যাচ্ছে।

এসএইচ 

Link copied!