নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ১৬০ জন নিহত এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই পর্যটক।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নেপালে বিধ্বংসী বন্যায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
‘যারা প্রাণ হারিয়েছেন এবং যাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রইল। এই চরম বিপদের সময়ে নেপালের যেকোনও প্রয়োজনীয় সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি’-যোগ করেন প্রধানমন্ত্রী।
এদিকে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে।
দুর্যোগকবলিত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম অঞ্চলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
এম