ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল নীতিগতভাবে অনুমোদন দেওয়ার পর জানানো হয়েছিল, গত ৩ সেপ্টেম্বরের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। তবে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা অতিরিক্ত সময় লাগায় গেজেট প্রকাশের তারিখ পিছিয়ে রবিবার (৬ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়।
গেজেট প্রকাশের বর্তমান অবস্থা জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রজ্ঞাপনের খসড়া ইতিমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখান থেকে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং বা মতামত নেওয়া হবে। আইনগত অনুমোদন শেষে এসআরও নম্বর বসিয়ে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে সরকার। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় লাগছে, এর বাইরে কোনো বিলম্ব করার উদ্দেশ্য নেই বলে জানান ওই কর্মকর্তা।
গেজেট বা প্রজ্ঞাপন জারি হলে নবম পে স্কেলের বিস্তারিত বিধান, ভাতা ও বেতন কাঠামোর বিষয়টি স্পষ্ট হবে। প্রজ্ঞাপন প্রকাশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো নতুন কাঠামো অনুযায়ী কর্মকর্তাদের বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়নসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম শুরু করবে।
এসএইচ