দেশের সংকটে সবসময় হাল ধরেছে বিএনপি: তারেক রহমান

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৭:০৪ পিএম
দেশের সংকটে সবসময় হাল ধরেছে বিএনপি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গোপনে কোনো কার্যক্রম পরিচালনা করেনি। জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে দলটি সর্বদা রাজপথে সোচ্চার ছিল। দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায়েই বিএনপি সরকার গঠন করেছে বলে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো জ্বালানি সমস্যা। এই সংকট কাটানো এবং ভবিষ্যতে যেন আর এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে গৃহীত পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নে কিছু সময় লাগবে বলে জানান তিনি।

স্বৈরাচারী শাসন কিংবা অন্তর্বর্তীকালীন সময়ে তৈরি হওয়া সমস্যাগুলো একে একে সমাধানের চেষ্টা চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব সমস্যাকে পুঁজি করে কেউ কেউ দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।

দেশে আইনশৃঙ্খলা বজায় রাখার স্পষ্ট বিধান রয়েছে স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, কেউ রাজপথে অরাজকতা তৈরি করতে চাইলে প্রচলিত আইনেই তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে দায়িত্বশীলতার জায়গা থেকে সবাইকে নিজের সীমার মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এসএইচ 

Link copied!