ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।
এক যৌথ বিবৃতিতে জেজেইউ’র আহ্বায়ক সাইফুর সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির পর ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের পরও আওয়ামী লীগ নেতাকর্মীদের আচরণে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। তারা নিজেদের ভুল শুধরে নেওয়ার বদলে বিদেশেও আন্তর্জাতিক অঙ্গনে অপরাধমূলক ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
সাংবাদিক নেতারা উল্লেখ করেন, দেশের এক চরম সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে ড. মুহাম্মদ ইউনূস গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্র পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববরেণ্য এই নোবেলজয়ী ব্যক্তিত্বের সঙ্গে বিদেশের মাটিতে এমন অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের অপতৎপরতা রুখতে সরকারকে অবিলম্বে কার্যকর কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বিবৃতিতে জুলাই গণহত্যার পাশাপাশি বিগত আওয়ামী সরকারের সময় সংঘটিত গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং রায় কার্যকরের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান সাংবাদিক নেতারা।
এসএইচ