ছবি : সংগৃহীত
ঢাকা: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন করেছেন, তা গ্রহণ না করে পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সাইফুর সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ইতিবাচক। তবে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের বিষয়টি ভুল ছিল। এজন্য তিনি সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশও করেছেন। কী কারণে, কোন পরিস্থিতিতে তিনি অস্ত্র প্রদর্শন করতে বাধ্য হয়েছেন, তাও পরিষ্কার করেছেন। মাদক কারবারিদের হামলার মুখে বাধ্য হয়ে তিনি অস্ত্র প্রদর্শন করেছেন বলে জানান। সরকারের মাদকবিরোধী অবস্থানের স্বার্থে তার অব্যাহতির আবেদন গ্রহণ না করে পুনর্বিবেচনা প্রয়োজন।
জুলাই জার্নালিস্ট ইউনিটি মনে করে, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হলে ঢাকাসহ সারাদেশে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এটি কারও জন্যই কাম্য নয়।
বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনীতিবিদ। তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরও জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের পাশে ছিলেন। মন্ত্রিসভা থেকে তার পদত্যাগ কার্যকর হলে জুলাইবিরোধী পক্ষ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
জেজেইউ জানায়, ইশরাক হোসেনের সকল কার্যক্রম ও চিন্তা-চেতনার সাথে সংগঠনের সদস্যগণ একমত নন। তবে জুলাইয়ের স্বার্থে সবাই এক জায়গায় একমত। ইশরাক হোসেন বর্তমান ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আরও পরিণত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং এ ধরনের ভুল ভবিষ্যতে করবেন না বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে। একইসাথে প্রথমবারের ভুল পুনর্বিবেচনা করে মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের আবেদন গ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছে।
পিএস