শ্রমিক অসন্তোষ নিয়ে মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৬:১২ পিএম
শ্রমিক অসন্তোষ নিয়ে মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী ও শ্রম উপদেষ্টাসহ কয়েকজন মন্ত্রী-উপদেষ্টাকে এ বৈঠকে ডাকা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মন্ত্রী ও উপদেষ্টা মিলিয়ে ছয় থেকে সাতজনকে জরুরি ভিত্তিতে বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের দাবি বাস্তবায়ন এবং বর্তমান পরিস্থিতি সামাল দিয়ে তাঁদের দ্রুত কাজে ফেরানোর কৌশল নির্ধারণ করা হবে বৈঠকে।

এদিকে সংকটের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর পূর্বনির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন।

আজ সকাল থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। বিকেলের দিকে কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে ঢাকা ও আশপাশের শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের দাবি ও কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক করার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।

এসএইচ 

Link copied!