জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান পোশাক শ্রমিক নেতারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০২:০৪ পিএম
জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান পোশাক শ্রমিক নেতারা

ছবি : সংগৃহীত

ঢাকা: পোশাক শ্রমিকদের নতুন মজুরি ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রমে বিলম্ব না করে দ্রুত ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন 

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরিই নির্ধারণ করা হোক না কেন, তা যেন ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা হাতে পান, সেটি তারা চান।

বাবুল আক্তার বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব চান না তারা। আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না, এমন অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। একটি বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।

মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে অনেক দেরিতে তা করা হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে বাবুল আক্তার বলেন, সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

পিএস

Link copied!