ছবি: সংগৃহীত
ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে একটি কৃত্রিম অস্থিরতা বা হাইপ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করতেই মূলত এমন প্রচারণা চালানো হচ্ছে। শেখ হাসিনাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা আজই দেশে ফিরলে তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পলাতক, দণ্ডপ্রাপ্ত ও ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরাতে সরকার আন্তর্জাতিক ও আইনি প্রক্রিয়ায় কাজ করছে। তারা দেশে ফেরা মাত্রই আদালতের রায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বর নিয়ে সাধারণ মানুষের মনে কোনো ভীতি রয়েছে কি না-এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস এবং এই বিজয়ের মাস উপলক্ষে সরকারের নানা সরকারি কর্মসূচি থাকবে। সরকার চায় দণ্ডপ্রাপ্ত আসামিরা যেখানেই আশ্রয় নিক না কেন, তারা দ্রুত দেশে ফিরে আসুক।
তাদের আইনি প্রক্রিয়ায় সুবিচার নিশ্চিত করা হবে। তবে ডিসেম্বর, নভেম্বর কিংবা অন্য কোনো নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা বা ষড়যন্তমূলক অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না।
এদিকে তৈরি পোশাক খাত ও শ্রমিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
পতিত স্বৈরাচারের অনুসারীরা নিরীহ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে সড়ক-মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের নাশকতায় কিছু শিল্পমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সরাসরি সম্পৃক্ততার তথ্য সরকারের কাছে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
েএসএইচ