ছবি : সংগৃহীত
ঢাকা: সরকার নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে নিয়োগ দিয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে এ খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভায় বসেছে। বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করছেন বোর্ডের সাবেক চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
শ্রম আইন অনুযায়ী পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য বোর্ড তাদের প্রথম সভায় বসল।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।
একই দিনে পৃথক প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।
পিএস