চলতি সপ্তাহেই ৩ দিনের ছুটি: পাবেন যারা আর পাবেন না যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১১:৫৭ এএম
চলতি সপ্তাহেই ৩ দিনের ছুটি: পাবেন যারা আর পাবেন না যারা

ফাইল ছবি

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটির আওতায় থাকছেন না।

ছুটির সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার থেকে ৮ নভেম্বর রোববার পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। একই সময়ে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় আগেই শ্যামাপূজার ছুটি নির্ধারণ করা ছিল।

তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা পালিত হবে। এর সঙ্গে ৬ নভেম্বর শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় স্কুল-কলেজে টানা তিন দিনের অবকাশ তৈরি হয়েছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে উদযাপিত হবে শ্যামাপূজা।

তবে স্কুল-কলেজের মতো ছুটি পাচ্ছেন না বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দেশের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ নেই। এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকাতেও শ্যামাপূজার ছুটি রাখা হয়নি। ফলে তালিকা অনুযায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন না।

শ্যামাপূজা বা কালীপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। দেবী কালীর উদ্দেশে নিবেদিত এ পূজা হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে উদযাপিত হয়। ভারতের পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে শ্যামাপূজার প্রচলন রয়েছে।

বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপকভাবে এ উৎসব পালন করেন। শ্যামাপূজার দিন একই সঙ্গে দীপাবলি উৎসবও উদযাপিত হয়, যা দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা ও যক্ষরাত্রি নামেও পরিচিত। সর্বভারতীয় পর্যায়ে এ তিথিতে লক্ষ্মীপূজা পালিত হলেও বাঙালি, অসমিয়া ও ওড়িয়া সম্প্রদায়ের মানুষ এদিন দেবী কালীর পূজা করেন।

এসএইচ 

Link copied!